সোহাগপুর বিধবাপল্লীতে ওপেন হাউস ডে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা অংশ নেন।
নালিতাবাড়ী থানার ওসি এ কে এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান।
এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওপেন হাউস ডে’তে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার বিষয়ে আলোচনা হয়।
১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুরে গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। এতে সহায়তা করে স্থানীয় আলবদররা।
ছয় ঘণ্টার তাণ্ডবে সেদিন ওই গ্রামের ১৮৭ জনকে হত্যা করা হয়। সম্ভ্রমহানি করা হয় ১৪ জন নারীর। পুরুষশূন্য হয়ে পড়ে সোহাগপুর গ্রাম। সেই থেকে এ গ্রাম পরিচিতি পায় বিধবাপল্লী হিসেবে।
এ ঘটনায় বৃহত্তর ময়মনসিংহের আল-বদর কমান্ডার জামায়াত নেতা কামারুজ্জামানকে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৩ নভেম্বর আপিল বিভাগ এ আদেশ দেয়।
এরপর থেকে অব্যাহত হুমকিতে নিরাপত্তহীনতায় ভুগছেন বিধবাপল্লীতে বসবাসকারী রাষ্ট্রপক্ষের সাক্ষীরা।
ফলে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তায় গত ৭ নভেম্বর একজন এসআইসহ ১৫ পুলিশ সদস্যবিশিষ্ট একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয় কাকরকান্দি ইউনিয়ন পরিষদে। এছাড়াও ১২ জন আনসার ও ১০ জন গ্রাম পুলিশ রয়েছে তাদের সহযোগিতায়।
