সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রাজাপুর সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ।
আটক ফিরোজ হোসেন (২৫) জীবননগর উপজেলার শিংনগর গ্রামের রায়হান মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, বেলা ৩টায় ফিরোজ হোসেন অবৈধপথে ভারতে ঢুকে আনুমানিক ৬০০ বোতল ফেনসিডিলসহ ফিরে আসছিল। সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় চুয়াডাঙ্গার রাজাপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহলদল তাকে ধাওয়া করে। এসময় ফিরোজ ফেনসিডিলসহ আবার ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে।
পরে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ভারতের গেদে আমবাগান থেকে আটক করে নিয়ে যায়।
আটক ফিরোজকে ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
