২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছে এনআইএ প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তের ভার ভারতের যে সংস্থার হাতে সেই জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধি দলকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অবশ্য কবে ও কতজনের প্রতিনিধি দল আসছে সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।

গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার পর তদন্তে নেমে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা পায় এনআইএ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এনআইএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসার অনুমতি চেয়েছিল। তাদের অনুমতি দেওয়া হয়েছে। একজন মহাপরিদর্শকের নেতৃত্বে এনআইয়ের ওই প্রতিনিধি দল ঢাকার আসবে।”

তিনি বলেন, জঙ্গি উত্থান ভারত ও বাংলাদেশে কেউ চায় না। সেজন্যই দুই দেশ জঙ্গি দমনে আলোচনা করবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

বর্ধমান বিস্ফোরণের তদন্তে নেমে এনআইএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যায় জঙ্গিদের একটি পরিকল্পনার তথ্য জানতে পারে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ধমান বিস্ফোরণ ঘটনায় ভারতের কোনো প্রতিবেদন এখনও আসেনি।

প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “দুই ধরনেরর নিরাপত্তা রয়েছে। একটি দৃশ্যমান আরেকটি অদৃশ্যমান।”

সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের দেওয়া একটি মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আসাদুজ্জামান খাঁন বলেন, “জেলা কোটা অনুযায়ী পুলিশ রয়েছে। বিশেষ জেলা বলতে কিছু নেই।”

বৃহস্পতিবার পুলিশের গুলিতে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে পুলিশ বাহিনী নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, একটি জেলার নাম ব্যবহার করে পুলিশের কিছু কর্মকর্তা ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করে প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা করছেন।

কোনো জেলার নাম উল্লেখ না করেই তিনি বলেন, ওই জেলার পুলিশ যেন আইনের ঊর্ধ্বে। সভ্য সমাজে তারা যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তা মেনে নেওয়া যায় না।

পুরনো খবর:

বর্ধমানে বিস্ফোরণ তদন্তে আসতে পারে এনআইএ