বর্ধমানে বিস্ফোরণ তদন্তে আসতে পারে এনআইএ
পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনাটির তদন্তের ভার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে দিতে চায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, যিনি এই মুহূর্তে হরিয়ানা এবং মহারাষ্ট্র রাজ্য বিধান সভার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কমকর্তা নাম প্রকাশ না করার শর্তে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ধমানের বিস্ফোরণের ঘটনাটি তদন্তের ভার এনইআইএ-এর হাতে দেওয়া হবে কি না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীই নেবেন।”
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে নিহত দুই ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে ভারতীয় গণমাধ্যমে তোলপাড়ের বিষয়টি নিয়ে বুধবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত সরকার এ বিষয়ে ‘আনুষ্ঠানিকভাবে’ কিছু জানায়নি।
তিনি বুধবার সাংবাদিকদের বলেন, ভারতের এক পত্রিকার সম্পাদক তাকে ফোন করলে বিষয়টি তিনি জানতে পারেন।
“তবে ভারত সরকার এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। সরকার জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।”
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর গ্রেপ্তার দুই নারীর একজন নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, তারা গত তিন মাসে চার দফা বাহকের মাধ্যমে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন। ওই দিনও বাংলাদেশে পাঠানোর জন্য বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ ঘটে।
এরপর গত সোমবার কলকাতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে কঠোর সতর্কতা জারির সিদ্ধান্ত হয়।
তবে কেন্দ্রীয়ভাবে ওই বিস্ফোরণের তদন্তের জন্য ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি এবং বামফ্রন্টের পক্ষ থেকে জোর দাবি করা হলেও, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বরাবরই ‘গা ছাড়া’ ভাব দেখিয়ে আসছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনের মধ্যে শাকিল আহমেদ বাংলাদেশি নাগরিক, যিনি সীমান্ত পেরিয়ে নদীয়া জেলায় ঢুকে ভারতের ভোটার আইডি যোগাড় করে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন বলে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন।
এ বিষয়ে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের কাছে তথ্য চাওয়া হতে পারে বলেও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।
