২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ উঠিয়ে নেওয়ার ১৩ বছর পর ৫ জনের যাবজ্জীবন

নেত্রকোণায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবকের চোখ উঠিয়ে নেয়ায় এবং আরেকজনকে কুপিয়ে আহত করার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রাকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

ঘটনার ১৩ বছর পর সোমবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সতরশ্রী গ্রামের আব্দুর রহমান ওরফে দুদু মিঞা (৫০), তার দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে সংগ্রাম (২৯) ও শফিকুল ইসলাম (২৪) এবং একই গ্রামের আব্দুল জব্বার খানের দুই ছেলে আব্দুল মালে খান ওরফে বিপ্লব (২৭) ও স্বপন মিঞা (২২)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী।

তিনি জানান, বিচারক যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। টাকা দিতে ব্যর্থ হলে আরও দুই বছর করে সশ্রম কারাভোগ করতে হবে তাদের।

আসামিদের মধ্যে আব্দুল মালেক খান ওরফে বিপ্লবকে মামলার আরও একটি ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরও দুই বছর সশ্রম সাজা খাটতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ২১ ডিসেম্বর সতরশ্রী গ্রামের আব্দুল হান্নান সুনামগঞ্জের ধর্মপাশা বাজার থেকে ফেরার পথে সতরশ্রী পুরাতন বাজারে আসামিরা তাকে চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে কোপায়।

এ সময় হান্নানের ভাতিজা রাসেল এগিয়ে গেলে আসামিরা তার চোখ উঠিয়ে ফেলে।

এ ঘটনায় আব্দুল হান্নানের ভাই শামছুজ্জামান ২০০১ সালের ২ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ একই বছরের ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।