২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 12:00 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

নিহত সিরাজ হাওলাদার (৫৫) উপজেলার রোলা গ্রামের বড় দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আটক কামাল হাওলাদার (২৩) দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের বড় ছেলে জামাল হোসেন সাংবাদিকদের বলেন, "কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত। নেশার টাকা দাবিতে বাবাকে সে প্রায়ই নির্যাতন করত।"

"সোমবার সকালে বাবার কাছে ৫০০ টাকা দাবি করে সে। টাকা না থাকায় দিতে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে ঘরে থাকা কাঠের খুটি দিয়ে কামাল বাবার মাথায় আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।"

গুরুতর আহত অবস্থায় সিরাজ হাওলাদারকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ কামাল হাওলাদারকে আটক করে থানায় নিয়ে এসেছে।