অপহৃত শিশু চার দিন পর উদ্ধার, আটক ৪
গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত একটি শিশুকে চার দিন পর সাভার থেকে উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে চার ‘অপহরণকারীকে’।
টঙ্গী থানার এসআই মো. বেলাল হোসেন জানান, রোববার রাতে সাভারের তেঁতুলজোড়া এলাকার একটি মেস থেকে মো. ইয়াসিন নামের ছয় বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আটক চারজন হলেন- মারুফা আক্তার (২৩), জামিল (২৫), হৃদয় (২০) ও মোক্তার হোসেন (১৭)।
ইয়াসিনের বাবার নাম আমান উল্লাহ। তাদের বাড়ি টঙ্গীর বৌ-বাজার এলাকায়।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার কাজী মো. শোয়াইব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারুফা এক সময় আমানের বাসায় ভাড়া থাকতেন। সেই পরিচয়ের সূত্রে মারুফা গত ৫ নভেম্বর আমানদের বাসায় যান এবং তার ছেলেকে ফুসলিয়ে মুন্সীগঞ্জে নিয়ে যান।
“পরে ইয়াসিনের মুক্তির বিনিময়ে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিনই আমান টঙ্গী থানায় মামলা করেন। ”
এরপর টঙ্গী পুলিশ ও র্যাব সদস্যরা শনিবার রাতে টঙ্গীর আরিচপুর এলাকা থেকে তিন জনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাত সাড়ে ৮টার দিকে সাভারের তেঁতুলজোড়া এলাকার একটি মেসে অভিযান চালিয়ে মারুফাকে আটক এবং ইয়াসিনকে উদ্ধার করা হয় বলে কাজী শোয়াইব জানান।
