কল্যাণপুর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর কল্যাণপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাশ থেকে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনিরুল ইসলাম রিংকু (১৬) মোহাম্মদপুরের আল হেরা স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার বেলা ১১টার দিকে কল্যাণপুরের ১২ নম্বর সড়কে নির্মাণাধীন ওই ভবনের নিচ থেকে রিংকুর লাশ উদ্ধার করা হয় বলে মিরপুর থানার উপ পরিদর্শক সুরুজ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
উপ পরিদর্শক সুরুজ উদ্দীন বলেন, “নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্নহত্যায় মৃত্যু হয়েছে, ময়নাতদন্তে তা জানা যাবে।”
নিহতের বড় ভাই মাজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তাকে মিরপুরে সমাহিত করা হবে।”
তবে কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা জিজ্ঞাসা করা হলে, এর উত্তরে কোন কথা বলতে চাননি মাজহার।
