বিয়ের বয়স না কমানোর আহ্বান
মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনার পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নারী অধিকার ও সমাজ উন্নয়নমূলক সংগঠনগুলোর জোট সামাজিক প্রতিরোধ কমিটি।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নারী নেত্রী শাহানাজ সুমী বলেন, “এ ধরনের উদ্যোগে আমরা বিস্মিত, হতবাক ও উদ্বিগ্ন। এটা সরকারের পশ্চাৎমুখী চিন্তাভাবনা।”
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট ১৫টি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে এই পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৬৮টি নারী অধিকার ও উন্নয়নমূলক সংস্থার সমন্বয়ে এই কমিটি কাজ করছে।
শাহানাজ সুমী বলেন, “এটা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ (সিআরসি) ও দেশের প্রচলিত আইন বিরোধী। আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে।
“১৮ বছরের নিচে নারীদের মাতৃত্ব গ্রহণ প্রজনন স্বাস্থ্য ঝুঁকি, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, পুষ্টিহীনতাসহ বিভিন্ন সমস্যা তৈরি করবে। এছাড়া ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে চরম নেতিবাচক প্রভাব ফেলবে।”
বর্তমান আইনে বাংলাদেশে মেয়েরা বিয়ের যোগ্য হয় ১৮ বছর বয়সে, জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ওই বয়সেই শৈশব শেষ হয়।
সম্প্রতি বাল্যবিয়ে বন্ধের জন্য দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দেয় সরকার।
তবে ওই প্রস্তাবে অনুমোদনের সময় সামাজিক বাস্তবতার নিরিখে বিয়ের বয়স কমানো যায় কি না- তা পর্যালোচনা করতে বলে মন্ত্রিসভা। গ্রীষ্মপ্রধান দেশগুলোতে ছেলেমেয়েরা কম বয়সে বয়োপ্রাপ্ত হয়- এই বাস্তবতা বিবেচনা করে আইন মন্ত্রণালয়কে প্রস্তাবটি পর্যালোচনা করতে বলা হয় মন্ত্রিসভার বৈঠকে।
সরকারের ওই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বয়স হওয়ার আগেই ঘর ছেড়ে পালিয়ে বিয়ের প্রবণতার কারণে মেয়েদের বিয়ের বয়স দুই বছর কমানোর বিষয়টি সামনে এসেছে।
এ খবর প্রকাশের পর হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ওই পরিকল্পনা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এর মধ্যে গত ১৫ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নাজরানা ইয়াসমিন হিরা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের লতিফা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
