পদ ছাড়লেন রোকেয়ার ২২ শিক্ষক
পদোন্নতি পাওয়া শিক্ষকদের সুবিধা প্রদানের দাবি এবং শিক্ষা ছুটি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পদ ছেড়ে দিয়েছেন ২২ শিক্ষক।
একাডেমিক ও প্রশাসনিক পদ ছাড়লেও ওই শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় শিক্ষকরা একযোগে রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
এর ফলে ১৫টি বিভাগীয় প্রধান, চার ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী প্রক্টর, দুটি হলের প্রভোস্ট, তিন সহকারী প্রভোস্ট, সাইবার সেন্টারের পরিচালক, কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালকের পদ শূন্য হলো।
বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্টের পদ ছেড়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান উপাচার্য গত বছরের ৬ মে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। শিক্ষক-কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে উপাচার্য একাই সিদ্ধান্ত নেন।
গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিন্ডিকেট সভার মাধ্যমে ২৭ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তারা এর অনেক আগে যোগ্যতা অর্জন করলেও তাদের পদমর্যাদা ও প্রাপ্য সুবিধাদি সিন্ডিকেট সভার দিন থেকে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য শিক্ষকদের সুবিধাসহ পদমর্যাদা দিচ্ছেন না।
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য শিক্ষকরা আবেদন করে রাখলেও তা নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরপরও শিক্ষকরা অতিরিক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির জন্য মন্ত্রণালয়ের দারস্থ হতে হয় না জানিয়ে তিনি অভিযোগ করে তিনি বলেন, বর্তমান উপাচার্য এই প্রথা চালু করে শিক্ষকদের হয়রানির মুখে ফেলে দিয়েছেন।
দাবি বাস্তবায়নে শিক্ষক সমিতি ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত উপাচার্যকে বয়কট করে। ৬ নভেম্বর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।
তবে একাডেমিক ও প্রশাসনিক পদ ছাড়লেও শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাবেন বলে জানান এই শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর উন নবী বলেন, “পদত্যাগের কথা শুনেছি, কাগজ হাতে পাইনি। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাস্তবায়ন হতে সময় লাগবে।”
তবে কতদিন সময় লাগবে সে বিষয়টি স্পষ্ট না করে তিনি বলেন, “পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকরা সুবিধাসহ পদমর্যাদা পাওয়ার যে দাবি করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তা না দেওয়ার পক্ষে মত দিয়েছে। ইউজিসির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”
এর আগে উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও গোপনে রেজিস্ট্রার নিয়োগের প্রতিবাদে গত ২৫ জুন প্রশাসনিক পদ থেকে ১২ শিক্ষক পদত্যাগ করেছিলেন। পরে সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার নিয়োগ বাতিল করা হয়।
