পুলিশের পিস্তল ছিনতাই মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের এক উপ পরিদর্শককে গুলি করে পিস্তল ছিনতাইয়ের মামলার এক আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার আলেখারচরে এ ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছেন।
নিহত রাব্বী (২০) কুমিল্লা সদর উপজেলার দৌলতপুরের মো. বাবুলের ছেলে। ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া পিস্তলসহ তিনটি অস্ত্র উদ্ধারের কথা বলেছে পুলিশ।
আসামিরা পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে আলেখারচরের দিকে পালিয়ে যেতে থাকে। তাদের পিছু নিলে আলেখারচর এলাকায় পুলিশের মাইক্রোবাসের সঙ্গে আসামিদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে আসামিরা মহাসড়কের পাশে পড়ে যায়।
“এরপর তারা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডিবি পুলিশের এসআই শহিদ, এএসআই নজরুল এবং আসামিদের মধ্যে রাব্বী ও জনি আহত হয়।”
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর রাব্বীর মৃত্যু হয়। আরেক আসামি জনির অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত ৬ নভেম্বর কুমিল্লার ঝাউতলা এলাকায় ডিবির এসআই ফিরোজ হোসেনকে গুলি করে তার পিস্তল ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী জিরা সুমন ও তার সহযোগীরা।
এ ঘটনায় নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই সামছুদ্দিন চৌধুরী গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় সদর উপজেলার অশোকতলা ছায়াবিতান এলাকার শাহজাহান সাজুর ছেলে জিরা সুমন (২৮), দৌলতপুরের বাবুলের ছেলে রাব্বী (২০), অশোকতলার মৃত কালু মিয়ার ছেলে জনি (২৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চোব্বাশ গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজকে (২৫) আসামি করা হয়।
