এসআইয়ের মাথায় গুলি করে পিস্তল ছিনতাই
কুমিল্লায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে ও মাথায় গুলি করে পিস্তল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শহরের কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সদরের ঝাউতলা এলাকায় এ হামলার শিকার হন গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ হোসেন।
তাকে স্থানীয় ঝাউতলা মুন হসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই ফিরোজের মাথায় গভীর ক্ষত পাওয়া গেছে। তবে এক্স-রে করে মাথায় গুলির অস্তিত্ব পাওয়া যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।”
কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পথ দিয়ে তিনিও পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি দেখতে পান গলির ভিতরের ড্রেনে এসআই ফিরোজকে ফেলে কয়েকজন ধস্তাধস্তি করছে।
তাকে এগিয়ে আসতে দেখে অস্ত্রধারী চার যুবক ব্র্যাক ব্যাংকের গলির পাশ দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। সেখানে তিনি সহকর্মী ফিরোজকে অচেতন অবস্থায় দেখতে পান।
দ্রুত তাকে ঝাউতলা মুন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, “হামলাকারীরা ফিরোজের পিস্তল, মোবাইলফোন ও মানি ব্যাগ নিয়ে পালিয়েছে। তার মাথায় গুলির আঘাত রয়েছে।”
এসআই কামাল আরো বলেন, গত মাসে ফিরোজ হোসেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। এসময় তিনি ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালিয়েছিলেন। এজন্য তারা তাকে টার্গেট করেছে বলে ধারণা করা হচ্ছে।
