২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পুলিশের ‘সোর্স’ খুন

রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় এক ব্যক্তিকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 10:44 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

পুলিশ বলছে, নিহত আসলাম মিয়া (৫৫) আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর ‘সোর্স’ হিসাবে কাজ করতেন।

শনিবার রাত ১১টার দিকে ধনিয়া কবরস্থান রোডের বাসা থেকে আসলামের লাশ উদ্ধার করা হয় বলে যাত্রাবাড়ী থানার এসআই এমরান হোসেন জানান।

তিনি জানান, শনিবার দুপুরে কয়েকজন লোক আসলামের বাসায় আসেন এবং সন্ধ্যায় চলে যান। রাতে পরিবারের সদস্যরা তার ঘরে গিয়ে কাঁথা জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

“কাঁথা সরানোর পর আসলামের রক্তাক্ত দেহ দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

এসআই এমরান জানান, নিহতের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

“পরিবারের সদস্যরা বাইরে থেকে দুটি পটকার মতো আওয়াজ শুনতে পেলেও বুঝতে পারেননি যে তা গুলির শব্দ। আসলাম নিয়মিত নেশা করতেন। তাই কেউ আসলে তার ঘরে যেত না।”

আসলাম পুলিশ, ডিবি ও র‌্যাবের সোর্স হিসাবে কাজ করতেন বলে নিশ্চিত করেন এসআই এমরান হোসেন।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।