মুদ্রা ব্যবসায়ী নজরুল হত্যায় তিনজন আটক
গুলশানের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তাররা হচ্ছেন- রকিবুল ইসলাম (৩২), হেলাল উদ্দিন (৩৬) এবং আমিনুল ইসলাম সোহাগ (২০)।
একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে, যেটি ভাড়ায় নেয়া হয়েছিল।
গ্রেপ্তার তিনজনের মধ্যে রকিবুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম এবং মো. হেলাল উদ্দিন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনার পরপরই ওই রাতেই রফিকুল ইসলাম স্বপরিবারে মালয়েশিয়া পালিয়ে যায় বলে র্যাব-১ এর অধিনায়ক তুহিন মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নজরুল ইসলামের শরীরে যে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল তা মিটফোর্ডের এক কেমিকেল দোকানের কর্মচারি সোহাগের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, শুক্রবার রাতে ঢাকার মহাখালি এবং ফার্মগেট থেকে রকিবুল এবং সোহাগকে ও ময়মনসিংহের গফরগাঁও থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ অক্টোবর রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি আবাসিক হোটেল থেকে মানি একচেঞ্জ ব্যবসায়ী নজরুল ইসলামের (৪৫) হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
র্যাব জানায়, হত্যার চেষ্টার সময় চেতনানাশক ওষুধ প্রয়োগকালে বাঁচার জন্য হেলালের ডান হাতের আঙ্গুলে কামড় দিয়েছিল নজরুল। পরে টেনে হেঁচড়ে মেঝেতে ফেলে হাত পা বেঁধে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে তারা।
গুলশান থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, পল্টন মানি এক্সচেঞ্জ নামে গুলশান শপিং সেন্টারে নজরুলের একটি প্রতিষ্ঠান রযেছে। নজরুল ওইদিন দুপুরে ৩০ হাজার ইউরো নিয়ে ওই হোটেল কক্ষে ইউরো লেনদেন করতে গিয়েছিলেন বলে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা পুলিশকে জানিয়েছে।
