ইউরো ‘ছিনিয়ে নিতেই’ নজরুলকে হত্যা
সঙ্গে থাকা ইউরো ছিনিয়ে নিতেই মানি একচেঞ্জ ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
সোমবার রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি আবাসিক হোটেলে নজরুলের (৪৫) হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওই কক্ষ থেকে চেতনানাশক স্প্রে ও ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল এই ব্যবসায়ীকে।
গুলশান থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন মানি এক্সচেঞ্জ নামে গুলশান শপিং সেন্টারে নজরুলের একটি প্রতিষ্ঠান রযেছে।
ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের বরাত দিয়ে ওসি বলেন, “নজরুলের কাছে ৩০ হাজার ইউরো ছিল। সোমবার দুপুরে ওই হোটেলে কক্ষে ইউরো লেনদেন করতে গিয়েছিলেন তিনি। তবে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তা কর্মচারীরা জানাতে পারেনি।”
নজরুলের লাশের সঙ্গে কোনো বিদেশি মুদ্রা পায়নি পুলিশ, যা তিনি নিয়ে গিয়েছিলেন বলে তার প্রতিষ্ঠানের কর্মচারীরা জানায়।
ওসি বলেন, হোটেলে সিসি ক্যামেরার মাধ্যমের দুজন অপরাধীকে সনাক্ত করা গেছে এবং তারা কোন গাড়ি দিয়ে হোটেলে এসেছে তাও সনাক্ত করা গেছে।
তিনি বলেন, “নজরুলকে হত্যা করেছে দুজন, তা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।”
নিহত নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাড্ডার হোসেন টাওয়ারের তিনি একাকী থাকতেন, তার স্ত্রী ও সন্তানরা নরসিংদীতে থাকেন।
এঘটনায় এখনও মামলা হয়নি। তবে নিহতের স্ত্রী মামলা করবেন বলে ওসি জানান।
