২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মোশাররফ হত্যার তদন্ত-বিচার দাবি

মুক্তিযুদ্ধের ‘কে’ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরোত্তম হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার ও সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 02:14 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

‘খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ’ আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ।

তিনি বলেন, “আজকে খালেদ মোশাররফের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এখানে খালেদ মোশাররফের স্ত্রী হিসেবে আমার কিছু বলার নেই। এতো বড় একজন মুক্তিযোদ্ধার নাম বিস্মৃতির আড়ালে চলে গেছে। যারা তাকে এখনো স্মরণ করেন তাদের ধন্যবাদ জানাই।

“তিনি শুধু সেনা কর্মকর্তাই ছিলেন না, রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তি ছিলেন। তিনি ঢাকাতেই কর্মরত ছিলেন। তাই তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে।”

খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিচার দাবি করে তার সহধর্মিনী বলেন, “দেশের বিরুদ্ধে কে কী ষড়যন্ত্র করেছিল তা তদন্ত করা হোক। তার দেশপ্রেমের মর্যাদা দেওয়া হোক।”

স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তাকে ‘ভারতীয় দালাল’ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করে ষড়যন্ত্রকারীরা।

“পাকিস্তানি ভাবধারার লোকজন আবার ক্ষমতা দখল করুক সেটা তিনি চাননি বলেই অভ্যুত্থানের চেষ্টা করেন। আমাদের জাতির দুর্ভাগ্য যে, আমরা ইতিহাস সংরক্ষণ করি না বা সত্য কথাটা বলতে সাহস করি না।”

খালেদ মোশাররফকে হত্যার বিচার দাবি করেন মন্ত্রী।

খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন খালেদ বলেন, “তিনি একমাত্র সেনা কর্মকর্তা যিনি পাকিস্তানি আর্মিতে কর্মরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বাঙালি সেনাদের স্বাধীন বাংলাদেশের পক্ষে উদ্বুদ্ধ করতেন।”

খালেদ মোশাররফকে হত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করে তিনি বলেন, “তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন পাকিস্তানিদের এজেন্ট হিসেবে। আমি নিজেও সেটা বিশ্বাস করি।

“মার্চ মাসে তার কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। সে সময় তিনি সোয়াত জাহাজ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য অস্ত্র আনতে যেতে চেয়েছিলেন। তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়েছিলেন। পরে গান পয়েন্টে তাকে নিবৃত করা হয়।”

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে তিনি বলেন, “একজন নাগরিক হিসেবে, একজন সন্তান হিসেবে পঁচা্ত্তর ও তার পরবর্তী সময়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার দাবি করছি।”

স্মরণ সভায় অন্যদের মধ্যে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদার বক্তব্য দেন।

স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে খালেদ মোশাররফের সঙ্গে তাদের স্মৃতি তুলে ধরেন তারা।

মুক্তিযুদ্ধের সময়কার ‘কে’ ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। অক্টোবরে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি আহতও হন। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর হত্যাকারীদের সমর্থনে প্রতিষ্ঠিত সরকারকে ৩ নভেম্বর উৎখাত করেছিলেন। ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে তিনি নিহত হন।

অনুষ্ঠানে খালেদ মোশাররফকে নিয়ে তৈরি ‘একজন মুক্তিযোদ্ধার আত্মকথা’ শিরোনামে পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।