২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামে বোমা হামলার পরিকল্পনায় শিবির’

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় হাতবোমা হামলার পরিকল্পনা করেছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

শুক্রবার দুপুরে নগরীর চকবাজার ডিসি রোড থেকে গ্রেপ্তার শিবিরের আট নেতাকর্মীর কাছ থেকে এমন তথ্য পেয়েছে পুলিশ।

এদের মধ্যে বাকলিয়া থানা শিবিরের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ ইমরানও রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ জানান, শুক্রবার জুমার নামাজের পর দুই শিবিরকর্মীকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এসময় তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে ককটেল হামলার এসএমএস পাওয়া যায়।”

তাদের নিয়ে একই এলাকার আরেকটি মেসে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ।

এদিকে অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুল-এজার বেগম স্কুলের সামনে থেকে সাঈদ ও ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রমের নথিপত্রও উদ্ধার করা হয় বলে জানান এসআই কামরুজ্জামান।

গ্রেপ্তার সাঈদ নগরীর দারুল উলুম মাদ্রাসার দশম শ্রেণির এবং ফাহিম এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশকে জানায়।