প্রবাসীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ছোটপুল এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
শুক্রবার দুপুরে হালিশহর থানার ছোটপুলের ইসলাম হাজী ব্রিকফিল্ড এলাকার আমেরিকা প্রবাসী কামাল হায়দারের বাসার বাথরুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে হালিশহর থানার ওসি সৈয়দ শাহজাহান কবীর জানান।
তিনি জানান, প্রবাসী কামাল বর্তমানে দেশে অবস্থান করছেন।
ওসি সৈয়দ শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে কামাল হায়দারের বাসার বাথরুম থেকে পুলিশ গৃহকর্মী পারভীনের লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন পারভীনকে হত্যার অভিযোগ করে বাড়িটিতে ইট ছোঁড়ে।”
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির লোকজন জানায় সকালে স্বর্ণালংকার হারানোর অভিযোগ পারভীনকে জিজ্ঞাসাবাদ করে তারা। এ কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে।”
তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক কামাল হায়দার এবং স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহজাহান কবীর।
