করুণার জীবন চলে ‘করুণায়’
জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে চা শ্রমিকের কাজ করে। জীবন সয়াহ্নে পিঠে পাতার ঝুড়ির বদলে উঠেছে ‘ভিক্ষার ঝুলি’। বয়স মানে না, তবুও হাঁটতে হয়। হাত পাতেন মানুষের দ্বারে।
নাম তার করুণা রায়। বয়স আনুমানিক নব্বই। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘দলই চা বাগানের’ প্রাক্তন শ্রমিক তিনি। চা শ্রমিক স্বামী আর দুই মেয়েকে নিয়েই ছিল তার সংসার। এখন কেউ নেই।
তার সঙ্গে কথা বলে জানা গেল, বাগানের লেবার লাইনে (শ্রমিকদের থাকার জায়গা) শুক্র থেকে রোববার ভিক্ষা করে যা পান তা দিয়ে কোনমতে দিন চালাতে হয় তার।
বাড়তি পাওনা বাগান থেকে পেনশনের টাকা বাবদ সাপ্তাহিক ৪৫ টাকা।
অন্যান্য চা শ্রমিকরা জানিয়েছেন, চা শ্রমিকদের প্রায় সবার পরিণতি করুণা রায়ের মতোই। তাই এখন কেউ কেউ অন্য পেশায় যাচ্ছেন। তবে পরিণতি খারাপ জেনেও বেশিরভাগই বংশপরম্পরার এই পেশা ছাড়তে চান না।
কুড়ি বছর বয়সে স্বামী শান্তনু রায়ের হাত ধরে পাশ্ববর্তী রাজানগর থেকে কমলগঞ্জের দলই চা বাগানে আসেন করুণা। তখন থেকেই তার পিঠে ওঠে পাতার ঝুড়ি।
তিনি জানান, ২০ বছর বয়সে তার বিয়ে হয়। সন তারিখ বলতে না পারলেও করুণার ধারণা তা ৬০ থেকে ৭০ বছরের কম হবে না। যৌবনে স্বামীকে নিয়ে পাত্তিওয়ালীর (বাগানেপাতা তোলার কাজ যারা করে) জীবন ভালোই কেটেছে জানাতেও ভুললেন না করুণা রায়।
দুটি সন্তান ছিল জানিয়ে আক্ষেপ ঝরলো তার কণ্ঠে।
বললেন, তাদের বিয়ে দিলেও নিয়তি তাদের কেড়ে নিয়েছে। তার কয়েক বছর পর মারা যায় স্বামী শান্তনু রায়। এক সময় বয়সের কারণে তাকেও পাত্তিওয়ালীর জীবন থেকে ছুটি নিতে হয়।
“১৫/১৬ বছর আগে মারা যায় স্বামী। বয়সের কারণে ১০/১২ বছর আগে কাজ থেকে নিজের নাম কাটিয়ে নিই। নিজের কেউ না থাকায় তাই কাজটি দিই আত্মীয় লক্ষীন্দরকে। তখন থেকে বাসাটাও হয়ে যায় তার। কিছু দিন সেখানে ছিলাম এখন আর থাকি না।”
“তবে এখনও সে আমার অসুখ বিসুখে খবরা-খবর নেয়,” বলেন করুণা।
তিনি বলেন, “এখন দেবরের ছেলে সুনীলের বাসায় থাকি। ‘নগর’ করে যা পাই তা দিয়ে আলু সিদ্ধ ও ডাল দিয়ে নিজে রেঁধে খাই।”
আপনজনহীন করুণা সরকারি কোন বয়স্ক ভাতা পান না জানিয়ে বলেন, “পেনসনের টাকা হিসেবে সপ্তাহে ৪৫ টাকা পাচ্ছি। আর ‘নগর’ (ভিক্ষা) করে যা পাই তা দিয়ে চলতে হয়।”
