২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি পেতে চিকিৎসকরা ঘুষ দিয়েছেন: টিআইবি

স্বাস্থ্যখাতে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) চিকিৎসক ও কর্মকর্তা নিয়োগে ‘দুর্নীতি ও অনিয়ম’-এর অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ কর্মকর্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 12:57 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

এর প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম টিআইবিকে কোনও খাতের বিরুদ্ধে  ‘বিবেচনাহীন অভিযোগ’ না আনতে পরামর্শ দিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল অবকাশে এক সংবাদ সম্মেলনে ‘স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ এবং সমাধান নির্ণয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে ঘুষের অভিযোগ পাওয়ার কথা জানায় দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি।

টিআইবি বলছে, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পেতে চিকিৎসকদের তিন থেকে পাঁচ লাখ টাকা করে দিতে হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের গত আমলে সাড়ে চার হাজারেরও বেশি চিকিৎসককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

যদিও এই নিয়োগের জন্য ঠিক কতজন চিকিৎসক ঘুষ দিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে কাদেরকে ওই টাকা দেওয়া হয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই প্রতিবেদনে বলেনি টিআইবি।   

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্যরা,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা, অফিস সহকারী এবং প্রশাসনিক কর্মকর্তারা এই নিয়োগের জন্য টাকা নিয়েছেন বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ৩৬ জনকে নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে বলে তারা দাবি করে।

সংবাদ সম্মেলনে অ্যাডহক নিয়োগে ‘দুর্নীতি’র সঙ্গে সংশ্লিষ্টদের এবং অভিযোগকারীদের নাম উল্লেখ জরুরি নয় বলে মন্তব্য করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। 

তিনি বলেন, “এটি আমাদের ম্যান্ডেট নয়। এটি একটি গুণগত গবেষণা প্রতিবেদন, যা আমরা কর্তৃপক্ষের বিবেচনা এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রকাশ করছি।”

গবেষণা প্রতিবেদনে কয়েক দশক ধরে স্বাস্থ্যখাতে বাড়তে থাকা অনিয়মগুলো তুলে ধরে টিআইবি এর পেছনে সুব্যবস্থাপনা, আইনের শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করে।       

স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ইকবাল আরসালানের কাছে টিআইবি’র এই অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি সংস্থাটিকে নিয়োগের সময় ঘুষ লেনদেনের সঙ্গে জড়িতদের নাম ও পরিচয় প্রকাশ করার দাবি জানান। 

তবে টিআইবি’র ওই অভিযোগ ‘আংশিক সত্যি’ মন্তব্য করে আরসালান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগের সময় আমি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অর্থ নেয়ার বিষয়টি শুনেছি। এমনকি মন্ত্রণালয়ের লোকজনও এর সঙ্গে জড়িত। কিন্তু কে বা কারা এটি নিয়েছে, তা আমরা সনাক্ত করতে পারিনি।”

টিআইবির অভিযোগ, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত কর্মকর্তা নিয়োগে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষের লেনদেন হয়েছে।   

এছাড়া চিকিৎসকদের পদোন্নতিতে পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে টিআইবি তাদের প্রতিবেদনে দাবি করেছে।

এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য টিআইবি ১৭টি পরামর্শ দিয়েছে। যার মধ্যে জনসাধারণের কাছে উপস্থাপনের জন্য চিকিৎসকদের ডিগ্রিসহ একটি ডাটাবেজ তৈরি করা এবং গ্রামীণ জনপদে চিকিৎসকদের বাসস্থানের সুব্যবস্থার বিষয়টিও রয়েছে।

এদিকে বিকালে মহাখালীর কলেরা হাসপাতালে আইসিসিডিডিআরবিতে স্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে টিআইবি’র প্রতিবেদন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “যদি আপনাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমি বিষয়টি দেখব।”

“তবে টিআইবি সাধারণত তাদের প্রতিবেদনে অনুমানের ভিত্তিতে মন্তব্য করে থাকে,” বলেন তিনি।