ইমরানের অ্যাকাউন্ট সচল, ফেইসবুকের দুঃখ প্রকাশ
একদিন পর সচল হয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ফেইসবুক অ্যাকাউন্ট।
বৃহস্পতিবার রাতে ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ফেইসবুক কর্তৃপক্ষের কাছে একটি মেইল পাঠাই। রাত সোয়া ৯টার দিকে পাল্টা মেইলে তারা দুঃখপ্রকাশ করে।
“এর পরই আবার নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারি।”
কী কারণে অ্যাকাউন্ট ‘ব্লকড’ হয়ছিল সে বিষয়ে ফেইসবুক কর্তৃপক্ষ কিছু বলেনি বলে জানান ইমরান।
বুধবার দুপুর থেকে নিজের ফেইসবুকে ঢুকতে পারছিলেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ইমরান, যিনি ফেইসবুকের মাধ্যমেই আন্দোলনের ডাক দিয়ে নজির সৃষ্টি করেছিলেন।
ফেইসবুকে ঢুকতে ব্যর্থ হওয়ার পর যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক শাহবাগ আন্দোলনভিত্তিক গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছিলেন, কেউ তার অ্যাকাউন্ট হ্যাকড করেছে বলে তিনি মনে করেন না। বরং অন্য কোনো উপায়ে অ্যাকাউন্টটি ব্লকড করা হয়েছে।
“আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন ঘোষণাসহ গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ফেইসবুক অ্যাকাউন্টসহ বেশ কয়েকটি পেইজ এই অ্যাকাউন্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হত। আন্দোলনকে নষ্ট করতে এমনটা করা হচ্ছে কি না তা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে।”
ফাইল ছবি
তার ওই ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই প্রথম রায়ের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে যুদ্ধাপরাধবিরোধী এ আন্দোলন ‘গণজাগরণ’ নামে সারা দেশে ছড়িয়ে পড়লে ইমরানকে আন্দোলনের মুখপাত্র করা হয়।
