২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ইমরান ‘নট ফাউন্ড’

ফেইসবুকে আন্দোলনের ডাক দিয়ে বিশ্বব্যাপী নজির সৃষ্টিকারী ইমরান এইচ সরকার নিজের ফেইসবুক একাউন্টে ঢুকতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোস্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক শাহবাগ আন্দোলনভিত্তিক গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। ঠিক যে সময়ে যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবিতে আমরা আন্দোলন করছি ঠিক সে সময় এরকম একটি ঘটনা ঘটলো।

“আমি যতোবারই একাউন্টটিতে লগ ইন করার চেষ্টা করছি, বলা হচ্ছে একাউন্ট ইজ ডিজঅ্যাবল।”

ইমরানের ধারনা হ্যাক নয় বরং অন্য কোন উপায়ে একাউন্টটি ব্লক করা হয়েছে।

ইমরান বলেন, “হ্যাক করা হলে বা পাসওয়ার্ড পরিবর্তন করে এটিকে ডিএকটিভেট করে দেয়া হলে আমি মেইলের মাধ্যমে জানতে পারতাম। বা আমাকে ফেইসবুক থেকে মেইল চেক করতে বলা হতো। কিন্তু এক্ষেত্রে এসবের কিছুই হচ্ছে না।

“আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন ঘোষণাসহ গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ফেইসবুক একাউন্টসহ বেশ কয়েকটি পেইজ এই একাউন্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। আন্দোলনকে নষ্ট করতে এমনটা করা হচ্ছে কিনা এটি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ শাস্তির দাবিতে যে কয়েকজন তরুণ শাহবাগে অবস্থান শুরু করেছিলেন ইমরান তাদের একজন।

ইমরানের ‘হারিয়ে যাওয়া’ ফেইসবুক একাউন্টটি থেকেই প্রথম রায়ের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেয়া হয়।

পরবর্তীতে যুদ্ধাপরাধ বিরোধী এ আন্দোলন ‘গণজাগরণ’ নামে সারা দেশে ছড়িয়ে পড়লে ইমরানকে আন্দোলনের মুখপাত্র করা হয়।