রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১
রাজবাড়ী সদরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গোয়ালন্দের মোড়ে বৃহস্পতিবার এ দুর্ঘটনায় নিহত হন মাহবুব হোসেন (৩৫)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে।
রাজবাড়ীর হাইওয়ে সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, মাহবুব হোসেন মাগুরা থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন।
বেলা দেড়টার দিকে গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে এলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৩৪৫২) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মাহবুব রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সার্জেন্ট নাজিম জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
