মা-ছেলে খুন, বাবার কথিত প্রেমিকা গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির কথিত প্রেমিকাকেও আটক করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের একদিন পর বৃহস্পতিবার বিকালে ২৬ বছর বয়সী ওই নারীকে তার দারুস সালামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন।
নিহত গৃহবধূ আইরিন আক্তার আরজুর (২৬) পরিবারের অভিযোগ, ওই নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমানউল্লাহ আমান (৩৫)।
স্ত্রী ও সাত বছরের ছেলে সাবিত নিহত হওয়ার পর ব্যাংক কর্মকর্তা আমানকে বুধবারই পুলিশ গ্রেপ্তার করে।
আইরিনের লাশ মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাবিতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়েছে পুলিশ।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজনেরশরীরের কোথাও আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তারা আত্মহত্যা করেছেন, এমনও বোঝার কোনও উপায় নেই।”
পুলিশের ধারণা, শ্বাসরোধে এই হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে। “কিভাবে তারা মারা গেলেন, তা ময়নাতদন্তে জানা যাবে,” বলেন এসআই মোয়াজ্জেম।
মধ্য পাইকপাড়ার বাসা থেকে বুধবার সন্ধ্যায় আরজু ও সাবিতকে দুটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আমান। তিনি প্রতিবেশীদের বলেছিলেন, বাড়িতে ঢুকে কয়েকজন লোক তার স্ত্রী ও ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল।
পুলিশ জানায়, প্রতিবেশীরা ভ্যানে করে কাছের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে আরজু ও সাবিতকে নিয়ে যায়। সেখানে গেলে চিকিৎসকরা জানান, আরজু বেঁচে নেই।
এরপর আমান প্রতিবেশীদের বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে তার ছেলেকে বাঁচানো যাবে। এরপর তিনি সাবিতকে নিয়ে ওই হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকেও মৃত ঘোষণা করেন।
আরজুর মৃত্যুর পর তার পরিবার হত্যার অভিযোগ তুললে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। রাতে আরজুর চাচা ইউসুফ হাওলাদার আমানকে আসামি করে হত্যামামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্ত্রীর বান্ধবীর সঙ্গে প্রেম?
আরজুর এক বান্ধবীর সঙ্গে ‘প্রেমের’ কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার, যে বান্ধবীকে পুলিশ আটক করেছে।
‘বিয়েবহির্ভূত এই সম্পর্ক’ নিয়ে আমান ও আরজুর মধ্যে সম্পর্কে জটিলতা চলছিল বলে দাবি করেছেন নিহতের ছোট ভাই অপু রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় বছর আগে একবার আমান আরজুর দিকে বটি নিয়ে তেড়ে গিয়েছিলেন। তখন তা নিয়ে সালিশও বসেছিল।
আট বছর আগে ইডেন কলেজে পড়ার সময় নিজের পছন্দেই পূবালী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার কর্মকর্তা আমানকে বিয়ে করেন আরজু।
আরজুর পরিবারের আদি বাড়ি বিক্রমপুর হলেও তারা থাকেন পঞ্চগড়ে। চার ভাই-বোনের মধ্যে আরজু ছিলেন মেজ। আমানের বাড়ি গাজীপুরে।
আমানের সঙ্গে যে নারীর সম্পর্ক ছিল বলে অভিযোগ এসেছে, তিনি ইডেন কলেজের হোস্টেলে আরজুর সঙ্গে একই কক্ষে থাকতেন। সেই সূত্রে আমানের সঙ্গেও ওই নারীর পরিচয় ছিল বলে অপু জানান।
তিনি বলেন, “দেড় বছর আগে ব্যাংক লোনের সূত্র ধরে আমান ভাইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে।”
অপু বলেন, “আপার সঙ্গে দুলাভাইয়ের এ নিয়ে ঝামেলা চলছিল। একবার আপাকে বটি দিয়ে মারতে গিয়েছিল দুলাভাই। সবাই জানার পর ঘরোয়া সালিশও বসেছিল। তখন দুলাভাই মাফ চাওয়ায় সরল বিশ্বাসে আমরা সব ভুলে গিয়েছিলাম।”
“সেটাই এখন আপার মৃত্যুর কারণ হয়েছে,” কান্নাজড়িত কণ্ঠে বলেন আরজুর ভাই।
কিছু দিন আগে লাইজু বাড়িতে ফোন করে আশঙ্কার কথা বলত জানিয়ে অপু বলেন, “আপা বলত, দুলাভাই ওই মেয়ের জন্য তাকে মেরে ফেলতে পারে। প্রায়ই আমাকে ফোন করে আপা কান্নাকাটি করত।”
গত শুক্রবার দুপুরে আমান তার ছেলে সাবিতকে নিয়ে ওই নারীর বাড়িতে খেয়ে এসেছিলেন বলেও দাবি করেন অপু, যা তিনি বোনের মুখ থেকে শুনেছিলেন।
“দুলাভাই সাবিতকে নিয়ে জুমার নামাজ পড়তে বের হয়েছিল, এসেছিল বিকেল ৪টায়। আপা খেতে ডাকলে দুলাভাই বলেছিল, তার ক্ষুধা নেই। কিন্তু পরে সাবিত আপাকে বলে দিয়েছিল, তারা ওই নারীর বাসায় গিয়ে দুপুরে খেয়ে এসেছে।”
ব্যাংক লোনের জন্য ওই নারী আগে কয়েকবার আমানের পাইকপাড়ার বাসায় এসেছিল জানিয়ে অপু বলেন, সাবিত তখন থেকেই তাকে চিনত।
এই কারণেই আরজুর সঙ্গে সাবিতকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেন অপু।
আরজু-আমান দম্পতির এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাকে পঞ্চগড়ে নিয়ে যাবেন বলে আরজুর ভাই জানান। ময়নাতদন্তের পর আরজু ও সাবিতের লাশ দাফনের জন্য বিক্রমপুর নেওয়া হবে বলেও জানান তিনি।
