বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন (৫৬) বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের মৃত ইশা ফকিরের ছেলে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো পাঁচজনকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, রিয়াজ উদ্দিন যৌতুকের টাকার জন্য স্ত্রী পিয়ারা খাতুনকে প্রায়ই নির্যাতন করত।এর এক পর্যায়ে গত ১৯৯৭ সালের ১৯ এপ্রিল পিয়ারা খাতুনকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় পিয়ারার ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে ওইদিনই রিয়াজ উদ্দিনকে প্রধান এবং আরো পাঁচজনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মনতেজার রহমান মন্টু বলেন, দীর্ঘ শুনানি শেষে বিচারক প্রধান আসামি রিয়াজ উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচ আসামিকে খালাস দিয়েছেন।
