হামলায় বিজিবি নিহত: মরদেহ বাড়িতে
সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে টহলরত অবস্থায় ‘চোরাকারবারির’ হামলায় নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার নজরুল ইসলামের মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়ী নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি জানান, বৃহস্পতিবার সকালের এ ঘটনায় নিহত সুবেদার নজরুল ইসলাম (৫৫) বিজিবির ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ছিলেন।
এ ঘটনায় পলাশ ও রনি নামের দুজনকে আটক করা হয়েছে। তারা চোরাকারবারে জড়িত বলে জানান মেজর নজির।
মেজর নজির আহমেদ বকশি সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে বিজিবি ভোমরা ক্যাম্পের কয়েকজন সদস্য সীমান্তের ঘোষপাড়ায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় পলাশ সাংবাদিক পরিচয় দিয়ে সীমান্তের ছবি তুলতে শুরু করলে সিপাহী আমিনূর রহমান বিষয়টি কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলামকে (জেসিও ৫৯৫৯) জানান এবং কিছুক্ষণ পর নজরুল মোটরসাইকেলযোগে সেখানে হাজির হন।
এরপর পলাশের দেহ তল্লাশি করে দুই বোতল ভারতীয় ফেন্সিডিল ও এক বোতল মদ উদ্ধার করে বিজিবির এক সিপাহী।
এসময় সুবেদার নজরুল পলাশের পরিচয়পত্র দেখতে চাইলে পলাশ অশালীন আচরণ করে। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে পলাশ ও রনিকে ঘিরে ফেলে।
মেজর নজির বলেন, ওই সময় পলাশ সুবেদারের জননাঙ্গে লাথি মারে। আঘাত পেয়ে সুবেদার নজরুল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাটালিয়ন মাঠে জানাজা
আসরের নামাজের পর সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খলিলুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি, উপ-অধিনায়ক মেজর তারিকুল হাসান, জেলা পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবির, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চুসহ বিজিবি, পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি রাজবাড়ীর মাগুরাডাংগীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আমির আলি ও মা আছিয়া খাতুন। তিনি ১৯৭৭ সালের ১ মার্চ বিজিবিতে যোগদান করেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি ঢাকা, লালমনিরহাট, শ্রীমঙ্গল, পানছড়ি, রংপুর, সিলেটসহ বিভিন্ন স্থানে চাকরি করেছেন। কিছুদিন খুলনার র্যাব-৬ এ কাজ করেছেন।
