‘ধর্মান্তরের গুজব ছড়িয়ে’ স্কুল ভাংচুর, আহত ১০
ধর্মান্তরের ‘গুজব ছড়িয়ে’ গাজীপুরে একটি মিশনারি স্কুলে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে গাজীপুরের আমবাগ এলাকায় ‘লাভ বাংলাদেশ মিশন’ নামে বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, রহমান কালু (৪০), বাবু মিয়া (২৪), আল আমিন (১৮), ফারুক হোসেন (৪২) ও আমজাদ হোসেন (৩৭)।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের মধ্য আমবাগ এলাকায় লাভ বাংলাদেশ মিশন ‘স্টিভ কিম মিশন স্কুল’ নামে ওই স্কুল পরিচালনা করে। গত এপ্রিল মাসে শুরু হওয়া এ স্কুলে ‘প্লে গ্রুপ’ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়।
“এই স্কুলে বই, খাতা, কলম বিনামূল্যে দেওয়ার পাশাপাশি দুপুরে শিক্ষার্থীদের নাস্তাও দেওয়া হয়। এ কারণে আশেপাশের কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের ছেলেমেয়েরাও ওই স্কুলে ভর্তির জন্য ছুটে যাচ্ছে।”
রফিকুল ইসলাম অভিযোগ করেন, এলাকার ‘অন্য কিন্ডারগার্টেনের সঙ্গে জড়িত কিছু প্রভাবশালী ব্যক্তি’ এলাকায় ‘গুজব’ ছড়িয়ে দেয়, স্টিভ কিম মিশন স্কুলে শিক্ষার্থীদের ‘খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে’ বাধ্য করা হচ্ছে।
“এমন গুজবে বুধবার সকাল ১০টার দিকে স্কুল চলার সময় ৪০-৪৫ জন লোক লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষকদের মারধর করে এবং বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে।”
হামলায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে সহকারী শিক্ষক সুশীল মণ্ডল, বিস্টু মণ্ডল, নারায়ণ মণ্ডল, শিউলি হাওলাদার ও সুমীত্রাসহ ছয়জনকে স্থানীয় েএকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা দুপুরেই পাঁচজনকে আটক করেন।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইকেল মণ্ডল বলেন, “স্থানীয় একটি মহল ঈর্ষান্বিত হয়ে ধর্মান্তরের গুজব ছড়িয়ে ভাংচুর ও শিক্ষকদের মারধর করেছে।”
