রাষ্ট্রপতির সঙ্গে হাইকমিশনার মোয়াজ্জেমের সাক্ষাৎ
হাইকমিশনারের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারত যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করছেন সৈয়দ মোয়াজ্জেম আলী।
রাষ্ট্রপতি তাকে স্থল সীমান্ত চুক্তি কার্যকর এবং তিস্তার পানি বণ্টন চুক্তি সই ত্বরান্বিত করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
নয়া দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোয়াজ্জেম আলী বুধবার বিকালে বঙ্গভবনে যান। এটা সৌজন্য সাক্ষাৎ বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি নতুন হাইকমিশনারকে বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থল সীমানা চুক্তি কার্যকর এবং তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।”
বাংলাদেশ-ভারত বিদ্যমান সুসম্পর্ক জোরদারে কাজ করতেও রাষ্ট্রদূতকে আহ্বান জানান আবদুল হামিদ।
পেশাদার কূটনীতিক মোয়াজ্জেম আলীকে তিন বছরের চুক্তিতে প্রতিমন্ত্রীর মর্যাদায় ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০০১ সালে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর অবসরে গিয়েছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায়ও তার অবদান স্মরণীয়।
কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
