২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে  ‘হুজি নেতা’ গ্রেপ্তার

রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 10:31 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে সায়দাবাদ এলাকা থেকে মো. ইব্রাহিম (৪০) নামে ওই জঙ্গি সদস্যকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর (পূর্ব) বলেন, ইব্রাহিম হুজির অপারেশন শাখার প্রধান। সম্প্রতি তিনি দেশের বাইরে থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে আসেন।

গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরে এ  বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার পোস্তগোলা সেতু এলাকা থেকে মো. আবদুল্লাহ, মো. রিদওয়ান ও মো. সাইফুল ইসলাম নামে তিন হুজি সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে প্রথম দুইজন জঙ্গি প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আর র‌্যাব সদস্যরা গত ২৮ নভেম্বর খিলগাঁও এলাকা থেকে এক হুজি সদস্যকে আটক করে। তার আগে ২৪ ও ২৫ অক্টোবরও উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামসহ হরকাতুল জিহাদের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।