ঢাবির ডিন নির্বাচন বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশটি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগসমর্থিত শিক্ষকদের নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল নির্বাচনে অংশগ্রহণ করছে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নির্বাচনে ১২শ ৫০ জন শিক্ষকের ভোটে নির্বাচিত হবেন দশটি অনুষদের ডিন।
তবে আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদে সাদা দলের কোনো প্রার্থী না থাকায় নীল দলের এ এস এম মাকসুদ কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যত নয়টি অনুষদের নির্বাচন হবে।
এ বিষয়ে সাদা দলের নেতা কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অনুষদে সাদা দলের যোগ্য প্রার্থী না থাকায় নির্বাচন করতে পারিনি।
নীল দলের প্রার্থীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের ফরিদ উদ্দিন আহমেদ, আইন অনুষদে আইন বিভাগের রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের আব্দুল আজিজ, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইমদাদুল হক, ফার্মেসি অনুষদে ওষুধ প্রযুক্তি বিভাগের আ ব ম ফারুক, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগের নিসার হোসেন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রফিকুল ইসলাম।
সাদা দলের প্রার্থীরা হলেন- কলা অনুষদে ইতিহাস বিভাগের আহমেদ আবদুল্লাহ জামাল, সামাজিক বিজ্ঞান অনুষদে নৃ-বিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম, আইন অনুষদে এস এম হাসান তালুকদার ও তাসলিমা মনসুর, বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের হরিপদ ভট্টাচার্য, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের আনোয়ারুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদে অণুজীব বিজ্ঞান বিভাগের মোজাম্মেল হক, ফার্মেসি অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের সাইফুল ইসলাম, চারুকলা অনুষদে শিল্পকলার ইতিহাস বিভাগের শেখ মনির উদ্দিন এবং ইঞ্জিনিয়ারিং অনুষদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, নীল দলের যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিটি অনুষদেই নীল দলের প্রার্থীরা ভাল করবে।
অধ্যাপক সদরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই নির্বাচনী প্রচারণা চলছে। শিক্ষকদের কাছে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ অনুষদের ডিন সাদা দলের নিবাচিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
