নাটোরে সংঘর্ষে শ্রমিক নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি চালকলের শ্রমিকদের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন, আহত হন দুই জন।
মঙ্গলবার গড়মাটি এলাকার আব্দুর রশিদ অটো রাইসমিলের এ সংঘর্ষে নিহত সাকিব হোসেন (১৯) স্থানীয় রমজান আলীর ছেলে।
আহত দুই শ্রমিক সাইফুদ্দিন (২৪) ও সুমন আলীকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, গড়মাটি এলাকার আব্দুর রশিদ অটো রাইস মিলে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন।
শ্রমিকদের অপর একটি অংশ দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে র্যাব-৫ এর রাজশাহী কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেন তারা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে, সম্প্রতি মিলে গড়মাটির স্থানীয় শ্রমিকরা আরও বেশি কাজের সুযোগ দাবি করে আসছিলেন। তবে এই দাবির বিপক্ষে অবস্থান নেন স্থানীয় মুর্শিদাবাদ কলোনির শ্রমিকরা।
এসব বিষয় সমাধানের লক্ষ্যে মিলের মালিক আব্দুর রশিদ কয়েকদিন অগে আলোচনা করে আপোষের চেষ্টা করেন। কিন্ত উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অটল থাকায় পরিস্থিতির অবনতি হয়।
ওসি বলেন, বেলা ১১টার দিকে দুদল শ্রমিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন সাকিব হোসেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ
এ ঘটনার পর গড়মাটির লোকজন নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে এবং লাঠিসোটা নিয়ে মুর্শিদাবাদ কলোনিতে হামলা চালায়।
পরে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আধঘণ্টা বন্ধ থাকার পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
