বীরাঙ্গনা আছিয়া খাতুনের মৃত্যু
বীরাঙ্গনা আছিয়া খাতুন (৬৫) মারা গেছেন।
সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী। পাক বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাওয়ার সময় তার কোলের ছেলেকে আছড়ে মেরেছিল। স্বাধীনতার পরে আরেক ছেলেরও মৃত্যু হয়। যুদ্ধ থেকে ফিরে স্বামী তাকে গ্রহণ না করে আরেকটি বিয়ে করেন। মুত্যৃর আগ পর্যন্ত আশ্রিত থাকতেন মেয়ের বাড়িতে।
তার মেয়ে মরিয়ম খাতুন বলেন, “মা দীর্ঘদিন যাবত পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাড়িতে ছিলেন। সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান।”
মঙ্গলবার জোহরের নামাজের পর শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
গত ১৩ অক্টোবর একাত্তরে পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের হাতে নির্যাতিত নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার সরকারি সিদ্ধান্ত হলেও গেজেট চূড়ান্ত না হওয়ায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হচ্ছে না।
স্বামী মুক্তিযুদ্ধে যাওয়ায় পাক সেনারা বাড়িতে এসে আছিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় আছড়ে মেরে ফেলে তার কোলের সন্তানকে।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীদের দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বৃদ্ধ বয়সে তাকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে এবং অন্যের সাহায্য সহযোগিতায় জীবন বাঁচাতে হয়েছে। যুদ্ধের অনেক পরে তার আরেক ছেলেও মারা যান। একমাত্র মেয়ে মরিয়ম বেঁচে আছেন।
স্বামী বেঁচে থাকলেও তাদের খোঁজ নিতেন না। মৃত্যুর আগ পর্যন্ত আছিয়া খাতুন মেয়ের বাড়িতে আশ্রিত ছিলেন।
তার আক্ষেপ ছিল, একজন মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের পর তার স্বামী আর তাকে আর গ্রহণ করেননি। আরেকটি বিয়ে করে অন্য জায়গায় বসবাস করছেন।
