ডিসেম্বরের শেষে উপজেলায় নারী সদস্যদের ভোট
পঞ্চম, অষ্টম ও মাধ্যমিক শ্রেণির পরীক্ষা শেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
এ লক্ষ্যে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা।
গত মেয়াদে উপজেলা পরিষদ সংরক্ষিত নারী প্রতিনিধি পায়নি। তবে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ছয় ধাপে শেষ করে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ নির্বাচনের উদ্যোগ নেয়।
কমিশনের নির্বাচন পরিচালনা শাখার একজন উপ সচিব জানান, নির্বাচনযোগ্য উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের সম্ভাব্য সময়সূচির কমিশন সভার বিবেচনার জন্য প্রস্তাব করা হয়েছে।
ইসি সচিবালয়ের ওই প্রস্তাবে বলা হয়েছে, ৪৮৭ উপজেলার মধ্যে এ পর্যন্ত ৪৫২ উপজেলার সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি গেজেটে প্রকাশিত হয়েছে। এর মধ্যে নির্বাচন উপযোগী ৩৫১টি উপজেলার ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।
চলতি নভেম্বরে জেএসসি ও পিএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও তৃতীয় সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ হবে।
এ অবস্থায় ৩৫১ উপজেলায় ডিসেম্বরের শেষ সপ্তাহে সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচনের আয়োজন করা হতে পারে। এজন্য নভেম্বরের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বলে মত দিয়েছেন ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা।
নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাকি শতাধিক উপেজেলার সীমনার গেজেট ও ভোটার তালিকা সম্পন্ন করতেও স্থানীয় সরকার বিভাগকে তাগিদ দেবে ইসি।
স্থানীয় সরকার (উপজেলা পরিষদ-১৯৯৮) আইনের ৬ ধারায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্য থেকে ভোট দিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের বিধান রয়েছে।
অর্থাৎ, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভার মোট নারী সদস্যের এক তৃতীয়াংশের সমান।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংরক্ষিত এসব সদস্যের নির্বাচন যেহেতু প্রতিনিধিদের ভোটে হয়, সেক্ষেত্রে ধাপে ধাপে করার পরিকল্পনা নেই। একদিনেই করে ফেলতে পারলে ভাল।”
স্থানীয় সরকার বিভাগ থেকে সব উপজেলার সীমানা সংক্রান্ত গেজেট ও ভোটার তালিকা প্রস্তুত হলে ইসি সচিবালয়ের প্রস্তাব বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, প্রতিটি উপজেলায় ৯ থেকে ৫০ জনের মতো ভোটার থাকবে। সংশ্লিষ্ট উপজেলা সদরের একটি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে।
