২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ কমে অর্ধেক’

আগের তুলনায় এবারের উপজেলা নির্বাচনে নারীর অংশগ্রহণ ৪৮ শতাংশ কমে এসেছে বলে একটি সেমিনারে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 12:18 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এজন্য সামাজিক ও রাজনৈতিক বাধাকে দায়ী করেছেন আলোচকরা।

সোমবার নগরীর সিরডাপ মিলনায়তনে স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব নিয়ে একটি সেমিনারে এ তথ্য জানানো হয়।

অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ধারণাপত্রে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে এবার এক হাজার ৫০৭ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ সালে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন দুই হাজার ৯শ’।

তৃতীয় উপজেলা নির্বাচনে গড়ে প্রতি উপজেলায় তিনটি পদে [চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস] সাত থেকে নয় জন করে নারী প্রতিদ্বদ্বিতা করেন। পাঁচ বছর পরে চতুর্থ উপজেলা নির্বাচনে গড়ে তি থেকে চার জন কমে এসেছে।

এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীর মধ্যে ৫৪ শতাংশ আওয়ামী লীগ, ৩৩ শতাংশ বিএনপি ও ১১ শতাংশ নারী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। প্রতিদ্বন্দ্বী নারীদের মধ্যে ৬৪ শতাংশের পেশা গৃহস্থালী, এসএসসি ‍শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ শতাংশের।

সেমিনারে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীর অংশগ্রহণ প্রায় ৫০ শতাংশ কমেছে।

ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যপদে ১৯৯৭ সালের নির্বাচনে এক লাখ ৮০ হাজার নারীর অংশগ্রহণ ছিল। ২০০৩ সালে এর সংখ্যা দাঁড়ায় এক লাখ ২৪ হাজারে। আর ২০১১ সালে প্রতিদ্বন্দ্বিতা করে ৯০ হাজার নারী।

আলোচনায় অংশ নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান বলেন, নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি হয়েছে। তবে অনেক দূর পাড়ি দেয়ার বাকি রয়েছে।

“নারীর ক্ষমতায়নে রাজনৈতিক প্রতিবন্ধকতা যেমন রয়েছে, তেমনি সামাজিক বাধা এখনো কাটেনি। সবকিছু রাষ্ট্র, সরকার দেখবে-এমন ভেবে বসে থাকলে কাজ হবে না। যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে।”

অধিকার আদায়ে নারী-পুরুষ ভেদাভেদ না রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, সংসদ উপনেতা ও রাজনৈতিক দলের নেতাও নারী উল্লেখ করে খলীকুজ্জামান বলেন, উপরের স্তরে প্রাধান্য থাকলেও তৃণমূলে নারীর ক্ষমতায়নে এগিয়ে আসতে হবে।

শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতনতার পাশাপাশি নারী নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এ অর্থনীতিবিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন এম আনিসুজ্জামান বলেন, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ কমেছে মূলত রাজনৈতিক বাধায়। আগামীতে স্থানীয় নির্বাচন দলীয়ভিত্তিক করলে এ হার আরও কমবে।

“স্থানীয় নির্বাচনে নারীর ক্ষমতায়নে রাজনৈতিক বাধা দূর করতে হবে।”

সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “রাজনৈতিক বাধার পাশাপাশি টাকা, পুরুষতান্ত্রিক মনোভাব ও পেশিশক্তির প্রভাব নারী ক্ষমতায়নের অন্তরায়।

“ইসির নিবন্ধন বিধিমালা মেনে সব কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে রোডম্যাপ চাই।”

খান ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ওয়াচের উদ্যোগে ‘উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪: নারীর প্রতিনিধিত্ব’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে।