হানিফের বিরুদ্ধে করা মামলা খারিজ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে বিএনপির এক নেতার করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।
ফাইল ছবি
মহানগর হাকিম রাশেদ তালুকদার বাদির বক্তব্য শোনার পর দুপুর ১টায় মামলাটি খারিজ করে দেন।
বাদির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্ত সরকার পক্ষের শীর্ষ নেতা বলে আদালত অভিযোগটি খারিজ করে দিয়েছে।
“অথচ সরকারের পক্ষে তুচ্ছ অভিযোগ আদালত আমলে নিয়ে নেন। আমরা খারিজের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারি।”
গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায়র দৌলতপুরে বন্যাদুর্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আইএসআইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
তিনি দাবি করেন, তারেক রহমানও আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন, এর তথ্যপ্রমাণও আছে।
পরদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় হানিফের এই বক্তব্য প্রকাশিত হয়। পত্রিকার প্রতিবেদন দাখিল করে মামলাটি করেন মীর শাহ আলম।
