গাইবান্ধায় পুলিশের উপর শিবিরের বোমা হামলা
সর্বোচ্চ আদালতে জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহালের রায় ঘোষণার পর পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে র্যাব-পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে। ঘটনাস্থল থেকে শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সকাল পৌনে ১০টার দিকে শিবির নেতাকর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা র্যাব-পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
তাদের ছত্রভঙ্গ করতে র্যাব- পুলিশও কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ছয় জনকে।
তিনি আরো জানান, এরপর বেলা ২ টা পর্যন্ত জামায়াত-শিবির নেতা-কর্মীরা ওই এলাকার বিভিন্ন স্থানে পুলিশের উপর চোরগোপ্তা হামলা চালায় ইট-পাটকেল ও হাতবোমা নিক্ষেপের মাধ্যমে।
উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও জামায়াতের রোকন তাজুল ইসলাম মিলন দাবি করেন, জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধ ট্রইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখার প্রতিবাদে তারা ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শ করছিলেন। এ সময় পুলিশ-র্যাব অতর্কিতভাবে তাদের উপর রাবার বুলেট ও টিয়ার সেলের ছোড়ে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
তবে তাদের নাম-পরিচয় জানাতে রাজি হননি তিনি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পলাশবাড়ীতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
