২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের হালিশহরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 11:45 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

রোববার রাতের এই সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মাহমুদুর রহমান মান্না (২৫) হালিশহরে থাকতেন। তার বাড়ি দ্বীপ উপজেল সন্দ্বীপে।

রাত সাড়ে ৮টার দিকে হালিশহর এ ব্লকের গাউছিয়া এলাকায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে মান্না গুরুতর আহত হন বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে স্থানীয় একুশে ক্লাব ও ট্রেড স্কুল ক্লাবের সদস্যদের মধ্যে ঝামেলা হয়। এর জের ধরে রাতে দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  পংকজ বড়–য়া বলেন, গুরুতর আহতাবস্থায় মান্নাকে রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্নার বুকে, ডান হাত ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

উপকমিশনার তানভীর বলেন, এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।