নবীনগরে হামলায় ‘মাদক ব্যবসায়ী’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসায়ী অভিযোগ তুলে এক ব্যক্তিকে হত্যা করেছে গ্রামবাসী। এ সময় ওই ব্যক্তির স্ত্রী ও দুই ছেলে আহত হয়েছেন।
গ্রামবাসী তাদের বাড়িঘরে অগ্নিসংযোগও করে।
রোববার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে টেটার আঘাতে নিহত হন স্থানীয় মানিক মিয়া (৪৫)।
আহতরা হলেন নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এবং দুই ছেলে সুমন (১৪) ও শকিল (১৭)। চিকিৎসার জন্য তাদের কুমিল্লা পাঠানো হয়েছে।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, নুরজাহানপুর গ্রামের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মন্নাফ মিয়া ও মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ কারণে এলাকাবাসী ওই তাদের উপর ক্ষুব্ধ ছিল।
শনিবার রাতে মন্নাফের ভাই ও স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত মানিক মিয়া শনিবার রাতে নরসিংদী থেকে বাড়িতে এসে গ্রামবাসীকে হুমকিধামকি দেন।
এক পর্যায়ে মানিক নিজেকে নরসিংদীর বড় ‘মস্তান’ দাবি করে গ্রামবাসীকে ভয় দেখানোর জন্য গ্রামে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
এতে বিক্ষুব্ধ গ্রামবাসী মন্নাফ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মানিক মিয়া নিহত হন।
কিশোরীর লাশ উদ্ধার
এদিকে রোববার নবীনগর পৌর এলাকায় সোনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া ডোলাবাড়ি গ্রামের বাতেন মিয়ার মেয়ে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন,দুটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
নিহত মানিক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ছিলেন বলে তিনি জানান।
