জাজিরায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার এ ঘটনায় নিহত জাবেদ আলী আকন (৫৫) উপজেলার কাজিরহাট এলাকার ধলু আকন কান্দি গ্রামের বাসিন্দা।
জাজিরা থানার ওসি একরাম আলী মিয়া জানান, সকালে কাজিরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে জাবেদ আলী আকন ও স্থানীয় নাছির হাওলাদার গংদের মধ্যে মারামারি হয়।
"মারামারির সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, না কি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।"
ওসি বলেন, এ ঘটনায় জাবেদের ছেলে সেলিম আকন, ভাতিজা আলা উদ্দিন আকন ও নাছির আকনসহ পাঁচ জন আহত হন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৃতের ভাতিজা মাহবুব আলম টিটু অভিযোগ করেন, সকালে তার চাচা জাবেদ আলী আকন কাজিরহাট বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। কিছুদূর যেতেই পথে স্থানীয় নাসির হাওলাদার, তোতা হাওলাদারসহ ২০/৩০ জন লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তদল জাবেদকে পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে মৃতের ছেলেসহ বাড়ির অন্যরা এগিয়ে গেলে তাদেরও মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয়রা জাবেদকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
