২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায়ে চট্টগ্রামে আনন্দ

আলবদর কমান্ডার জামায়াত নেতা মীর কাসেম আলীকে ‘নিষ্ঠুর হত্যাকারী’ আখ্যায়িত করে তার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 04:58 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

রোববার সকালে চট্টগ্রামের বদর প্রধানের ফাঁসির রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু চট্টগ্রাম নয় সারাদেশের মানুষ এ রায়ের প্রতীক্ষা করছিল।

“রায়ের মুক্তিযদ্ধের পক্ষের সবাই আনন্দিত। মীর কাসেম আলী ছিলেন জামায়াতের অন্যতম বৃহৎ অর্থ জোগানদাতা শক্তি। এ শক্তি দুর্বল হওয়া মানে ‍তাদের ওপর আঘাত। ফলে জামায়াত এ রায়ে বিমর্ষ হবে।”

১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনুপম সেন বলেন, “সেসময় চট্টগ্রাম কলেজের ছাত্র মীর কাসেম আলী যাদের ওপর নির্যাতন করেছেন তাদের মধ্যে সাইফুদ্দিন খান, ইরশাদ কামাল খান ও নাসিরুদ্দিন চৌধুরীকে আমি চিনি।

“তাদের ওপর যে নির্যাতন করা হয়েছে তারা আমাকে তা বলেছেন। সাইফুদ্দিন খান ‍তা বইয়ে লিখেও গেছেন। মীর কাসেম আলী ছিলেন নিষ্ঠুর হত্যাকারী।”

অনুপম সেন বলেন, বহু লোকের ওপর নিপীড়ন ও হত্যার সাথে মীর কাসেম জড়িত। শহীদ পরিবার ও নির্যাতিতরা এতদিন বিচারের আশায় ছিলেন।

“এটা কোনো সাধারণ অপরাধ নয়। এটা পরিকল্পিত নরহত্যা। তাই আবেদন করছি যাতে দ্রুত আপিল কার্যকম শেষে এ রায় কার্যকর করা হয়।“

রায়ের পর নগরীর চেরাগী পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চে ছুটে আসেন মুক্তিযোদ্ধা সংগঠক সাইফুদ্দিন খানের স্ত্রী নূরজাহান খান।

গণজাগরণ মঞ্চের মিছিলের সঙ্গে তিনি যান মহামায়া ভবনে। এই ভবনেই তার স্বামী সাইফুদ্দিন খানকে ‍আটকে রেখে নির্যাতন করা হয়।

নূরজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে শহীদ ও নির্যাতিত মুক্তিযোদ্ধাদের প্রতি কিছুটা দায় পূরণ হয়েছে। কিন্তু যতদিন রায় কার্যকর না হবে ততদিন শান্তি পাব না।”

“আমার স্বামীর আক্ষেপ ছিল তিনি কোনো যুদ্ধাপরাধীর বিচার দেখে যেতে পারেননি। তিনি বলেছিলেন- যদি কারো ফাঁসি দেখে যেতে পারতাম তাহলে শান্তি পেতাম। তার মত অনেক মুক্তিযোদ্ধাও অতৃপ্তি নিয়ে চলে গেছেন। এটা আমাদের দায়বদ্ধতা। এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই দ্রুত রায় বাস্তবায়ন করা উচিত।”

শহীদ জায়া বেগম মুশতারী শফী বলেন, “চট্টগ্রামের মানুষ জানে একাত্তরে এই আলবদর নেতা কি করেছে। রায়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। দ্রুত রায় কার্যকরই আমার দাবি।”

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ওরফে শিরু বাঙালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ফাঁসিই এই যুদ্ধাপরাধীর জন্য যথাযথ রায়। ট্রাইব্যুনালকে ধন্যবাদ। আপিলের সুযোগ আইন দিয়েছে।

“আমার বিশ্বাস আপিল করলেও তা টিকবে না। কারণ তার বিরুদ্ধে ১৪ জন সাক্ষীই প্রত্যক্ষদর্শী ও সরাসরি নির্যাতিত। তাই এ ফাঁসির রায়ই বহাল  থাকবে বলে আমার বিশ্বাস।”