২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে প্রতিমা ভাংচুর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি কালী মন্দিরে মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

মঙ্গলবার বিকালে নাজিমখান শ্মশান কালী মন্দিরে ভক্তরা কীর্তন ও পূজা করতে গিয়ে কালিমূর্তি ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাত ৮টার দিকে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নাজিমখান ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন থেকে সোমনারায়ন সোনালুরকুটি শ্মশান কালী মন্দিরে পূজা অর্চনা চলে আসছিলেন।

বিকালে ভক্তরা কীর্তন ও পূজা করতে গিয়ে দেখতে পান কালীমূর্তি ভাংচুর অবস্থায় পড়ে আছে। এছাড়া কালীমূর্তির সঙ্গে থাকা জয়া-বিজয়া মূর্তি পার্শ্ববর্তী বিলে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ধীরেন্দ্র নাথ রায়, সন্তোষ চন্দ্র, কমল চন্দ্র, দুলাল চন্দ্র,সঞ্জিব রায়, অরজিত রায়, তরণী কান্ত ও অনন্ত রায় অভিযোগ করেন, ইতিপূর্বে বেশ কয়েকবার নুরুদ্দিন নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হিন্দুদের পূজা অর্চনা থেকে বিরত থাকতে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।

তিনিসহ অন্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

নুরুদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাজারহাট থানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ এলাকায় হিন্দু-মুসলমানের মধ্যে  সম্প্রীতি রয়েছে। কিন্তু একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।

তিনি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।