বান্দরবানে দুর্ঘটনায় ১৩ জাবি শিক্ষার্থী আহত
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন সেলিনা (২৪), তানিয়া (২৪), ইমু (২৪), লিজা (২৩), সাইযা (২৩), বাবু (২৫), উর্মি (২২), রানা (২৪), নাদিয়া (২৫), লিমু (২৪), সরোয়ার (২৪), মো. তরিকুল শেখ (২৮) ও আনোয়ার হোসেন (২৫)।
বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫ম ব্যাচের ১৪০ জন শিক্ষার্থী বান্দরবানের নীলগিরি পর্যটন স্পট দেখে ফিরছিলেন।
বেলা দেড়টার দিকে চিম্বুক সড়কে কাপ্রু পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হলে ১৩ শিক্ষার্থী আহত হন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অংশৈপ্রু জানান, আহতদের মধ্যে লিজা, উর্মি, নাদিয়া, লিমু ও মো. তরিকুল শেখকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
