নওগাঁয় ‘ভাগ্নের হাতে’ মামা খুন
নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাগিনার ধারালো অস্ত্রের আঘাতে মামা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ধামইরহাট থানার ওসি আব্দুস ছালাম জানান, সকাল ১১টার দিকে কালিয়া ভুঁইয়া বাড়ির পাশে ভাগিনা অরুন ভুইয়ার বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে অরুণ ধারালো হাঁসুয়া দিয়ে কালিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কালিয়া ভুঁইয়াকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
