২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১০

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঝালকাঠীতে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০জন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 01:29 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠী সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এক গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উৎসব পালন করছিল।

এ সময় দলের অপরপক্ষ এসে হামলা চালায়। তবে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

অবশ্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাত্র দুইজন নাম সর্বস্ব যুবদল নেতা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আর এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।”

হামলায় বিএনপির কার্যালয়ের বেশকিছু চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে এবং বিএনপি, যুব ও ছাত্রদলের কমপক্ষে ১০জন আহত হয়েছে বলে জানান সাংগঠনিক সম্পাদক মেহেদী।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষকারীদের মধ্যে মিজানুর রহমান ও রফিক মিয়া নামে দুই যুবদলকর্মীকে আটক করা হয়েছে।