জমির বিরোধে ভাইদের হাতে যুবক খুন
চট্টগ্রামের চন্দনাইশে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইদের হাতে খুন হয়েছে ছোট ভাই।
নিহত ঝিনুক জলদাস (২১) ওই এলাকার টুন্টু জলদাসের ছেলে।
চন্দনাইশ থানার এসআই রত্নেশ্বর কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে সকালে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ঝিনুক।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই ঝিনুকের মৃত্যু হয় বলে জানান তিনি।
এসআই রত্নেশ্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝিনুকের ভাই বিটু জলদাস (৩১) ও মিঠু জলদাস (২৮) এবং বিটুর স্ত্রী আরতি জলদাসকে (২৫) গ্রেপ্তার করেছে।
ঝিনুকের মাসহ আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
