২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে সুনাম ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

আবুধাবি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 10:42 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

পুরনো খবর:

নারীকর্মীদের নিরাপত্তায় আমিরাতের সঙ্গে সমঝোতা স্মারক
কর্মী নেওয়া সহজ করতে আমিরাতের পদক্ষেপ
পায়রায় গভীর সমুদ্রবন্দরের সম্ভাব্যতা দেখবে ডিপি ওয়ার্ল্ড
আবুধাবিতে শেখ জায়েদ মসজিদে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

আমিরাত সফররত প্রধানমন্ত্রী রোববার আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান।

তিনি বলেন, “যে দেশে থাকবেন, সে দেশের আইন মানতে হবে। আগে বাংলাদেশের লোকদের বিদেশে সুনাম ছিল। কিছু লোকের জন্য এই সুনাম নষ্ট হচ্ছে।

“আমরা চাই না প্রবাসে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হোক। কিছু ঘটনা ঘটে গেছে। আইন ভাঙলে ভুক্তভোগী নিজেরাই হবেন। জানেন তো, এদেশের আইন ভাঙলে কী অবস্থার সৃষ্টি হয়।”

হোটেল সেন্ট রেগিসের হলরুমে বাংলাদেশ দূতাবাস এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আবুধাবিতে এই হোটেলেই থাকছেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিদেশে আমাদের সুনামের ঘাটতি দেখা দিয়েছে। আমাদের লোকজন অনেক বেআইনি কাজ করছে, যাতে আমরা পিছিয়ে পড়ছি।”

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ যেন ভবিষ্যতে ‘বেকায়দায়’ না পড়ে, সেজন্য সবার সহযোগিতায় আশা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা চাই, আমাদের দেশের প্রতিটি মানুষ সোনালী মানুষ হোক। বিশেষ করে যারা বাইরে আছেন তারা।”

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে সরকার প্রধান বলেন, “আপনারা আপনাদের অজান্তেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের অবদানে কাজ করে যাচ্ছেন।”

প্রবাসীদের বাংলাদেশে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও প্রবাসীদের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।  

দশম সংসদ নির্বাচনের আগে ‘অনেক খেলা’ হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হয়েছিল। পদ্মা সেতুতে টাকা ছাড় দেওয়ার আগেই বলা হল, ‘দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে’। এটা বলে কত ধরনের খেলা শুরু হল!”

পদ্মা সেতু প্রকল্পে কোনও দুর্নীতি হয়নি বলে নিজের দেওয়া চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এখন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।

“এত বড় প্রজেক্টের কাজ নিজেরা করতে পারলে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন?”

প্রবাসীদের ভোট দেওয়া নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।  

প্রবাসীদের দেশে বিনিয়োগের সুযোগ থাকার কথা উল্লেখ করে তা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসীদের সুবিধায় প্রবাসী কল্যাণ ব্যাংক গঠনেরর কথাও বলেন তিনি।

বিদেশে বাংলাদেশিদের সুনাম যাতে ক্ষুণ্ন না হয়, সেজন্য কর্মী পাঠানোর আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জনগণের উন্নয়নে নেওয়া সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, “মানুষের অধিকার নিশ্চিত করা আমরা একমাত্র কাজ।

“বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে চলে না। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী শেখ নাহিয়ান মুবারাক আল নাহিয়ানের দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।

টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথম সফরে শনিবার আবুধাবি পৌঁছান শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন রোববার প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এদিন নারীকর্মীদের নিরাপত্তা নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়।  

সোমবার সকালে আবুধাবি থেকে দুবাই যাবেন শেখ হাসিনা। সেখানে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তিনি বৈঠক করবেন।

সোমবার দুপুরে রাস আল খাইমাহ গিয়ে এই রাজ্যের শাসক সাউদ বিন সাকর আল কাশিমির দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। এরপর বিকালে দুবাই থেকে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।