২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে এসিড নিক্ষেপ: আটক ১

নীলফামারীর জলঢাকা উপজেলায় গৃহবধূকে এসিড় নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 09:00 PM

Updated : 26 Jul 2022, 12:44 PM

রোববার সন্ধ্যায় আটক মামুনুর রশিদ (৩২)  উপজেলার চরভরট  গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জলঢাকা থানার ওসি  মোকছেদ আলী জানান, স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ মুক্তা বেগমকে প্রেমের প্রস্তাব দেয় স্থানীয় যুবক মামুনুর। মুক্তা  ওই  প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি গ্রামের মুরুব্বীদের জানান।

পরে স্থানীয়রা একটি সালিশ বৈঠক করে ওই যুবককে সাবধান করে দেন।

এরই জের ধরে শুক্রবার রাতে ঘরের বেড়া কেটে ঢুকে মুক্তাকে এসিড় নিক্ষেপ করে মামুনুর।

এ সময় চিৎকার শুনে স্থানীয়রা  মুক্তাকে উদ্ধার করে  জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবর শুনে রোববার গৃহবধূ মুক্তার স্বামী শাহীন আলম  ঢাকা থেকে ফিরে আসেন। তিনি মামুনুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মুক্তার স্বামী শাহীন চাকরির কারণে ঢাকায় থাকেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

মামলার তদন্ত কর্মকর্তা জলঢাকা থানার এসআই রায়হান আলী জানান, সকাল থেকে তিনি ও পুলিশ সদস্যরা আসামি মামুনুরের বাড়ির আশপাশে অবস্থান নেন। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি এলে মামুনুরকে আটক করা হয়।