২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: সংগ্রাম সম্পাদকের জবাবের শুনানি ২০ নভেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলা নিয়ে মন্তব্য প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগে ট্রাইব্যুনালের রুলের জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রুলের ওই জবাব শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করেন।

সংগ্রাম সম্পাদক ছাড়া বাকিরা হলেন- সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বিষয়ে ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমাণ্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্র নেতা ছিলেন না’ শিরোনামে ইকরামুল হক দুলু এবং আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্বৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম।

গত ৩ অগাস্ট মামলার বিচার চলাকালে আজহারের আইনজীবীরা ওই প্রতিবেদন নথি হিসেবে উপস্থাপন করতে গেলে বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়া এবং সেই বক্তব্য প্রকাশ করার অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল।

আদেশে বলা হয়, বিচার চলাকালীন সময়ে মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না। এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর, কিন্তু ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার পরের দিন ২৭ ডিসেম্বর। সুতরাং এ প্রতিবেদন আদালত প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে পারে না।

“বরং বিচার চলাকালীন সময়ে এ মামলা সম্পর্কে কেন তারা বক্তব্য দিয়েছে তার জন্য আমরা রুল ইস্যু (জারি) করছি।”

১৮ অগাস্ট আদালত অবমাননার রুলের ব্যাখ্যা দাখিলের জন্য ২৬ অক্টোবর দিন ঠিক করে আদেশ দেয় ট্রাইব্যুনাল।

রোববার অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির হন। আজিজুর রহমান সরকার রাঙ্গা তার পক্ষে নিজেই শুনানি করেন। বাকি তিনজনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী এম আই মশিউজ্জামান।  

গত বছর ২৬ ডিসেম্বর থেকে যুদ্ধাপরাধের মামলায় এটিএম আজহারুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন।

গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ গঠন অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন কতৃপক্ষের দায়) অভিযোগও রয়েছে।

এর আগে ১৮ জুলাই প্রসিকিউশন আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ২৫ জুলাই তা আমলে নেয় ট্রাইব্যুনাল।

এর পর ২২ আগস্ট আজহারুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিনই তাকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।