২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে বাংলাদেশির লাশ ফেরত  

নিখোঁজের ২২দিন পর ভারতের হিলি সীমান্ত দিয়ে এক বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

শনিবার রাতে হিলি চেকপোস্ট দিয়ে আব্দুল আলীম শেখ ওরফে শুভর (১৭) লাশ হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।

নিহত আলীম শেখ হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) গ্রামের শাহিন শেখের ছেলে।

হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীমের মায়ের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে আলীমের লাশ ফেরত দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বিএসএফ।

শনিবার রাত ৮টার দিকে লাশ ফেরত দেয়া হয়। রাত ১০টার দিকে হাকিমপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আলীমের মা মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে ভারতে দুর্গা পূজা দেখার কথা বলে আলীম বাড়ি থেকে বের হয়। দুইদিন পর প্রতিবেশীদের কাছে জানতে পারেন ভারতের লোকজন পিটিয়ে আলীমকে মেরে ফেলেছে।

ভারতের হিলি থানার পুলিশের বরাত দিয়ে বাংলা হিলি ইমিগ্রেশনের ওসি রফিকুজ্জামান জানান,গত ৩ অক্টোবর ভারতের হিলি সীমান্তের একটি বাড়িতে চুরি হলে স্থানীয় লোকজনের পিটুনিতে এক ব্যক্তি মারা যায়। এর চার-পাঁচদিন পর বিএসএফের মাধ্যমে ভারতীয় পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি বাংলাদেশি।