২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে  অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:33 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার দুপুরে উপজেলার চরকৈজুরী ও গোপালপুর গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, বেলা ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাইয়ুম উদ্দিন ও সদস্য গফুররের নেতৃত্বে শতাধিক লোকজন লাঠি-সোটা নিয়ে পাশের চরকৈজুরী গ্রামে হামলা চালায়।

এ সময় চরকৈজুরী গ্রামবাসী প্রতিরোধ গড়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতদের সিরাগগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শামীম ইকবাল আরও জানান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে দুপুর ২টার দিকে সাবেক চেয়ারম্যানের লোকজন চরকৈজুরী গ্রামে আবারো হামলা চালিয়ে চারটি বসতবাড়ি, ১০টি দোকান ভাংচুর করে। পরে পুলিশ আবার ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

বর্তমানে গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।